ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘রেমাল’র অগ্রভাগ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ২৬ মে ২০২৪
পটুয়াখালীতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘রেমাল’র অগ্রভাগ
ছবি: সংগৃহীত

প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’র অগ্রভাগ পটুয়াখালীর উপকূলে আঘাত হেনেছে। পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৬ মে) উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রেমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি রোববার সন্ধ্যার দিকে পায়রা সমুদ্রবন্দর থেকে থেকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে।

এদিকে, রেমাল’র প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলা পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে প্রচণ্ড দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে- উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।

পটুয়াখালী আঞ্চলিক আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে- প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!