গাজীপুরের টঙ্গীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাড়ির প্রায় ২৫টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া এলাকার একটি বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, সকাল ৬টা ১৭ মিনিটে মুদাফা পশ্চিমপাড়া এলাকায় আগুন লাগার খবর পান তারা। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল কর্মীদের প্রায় ২০ মিনিটের নিরলস চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে একই মালিকের মালিকানাধীন ২৫টি টিনশেড ঘর এবং ঘরে থাকা আসবাবপত্রসহ মালামাল পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
.png)
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পাওয়ার পরপরই তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অগ্নিকাণ্ডের সার্বিক বিষয় খতিয়ে দেখে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।