ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১৩

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ১৫ জুলাই ২০২৬
সাভারে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১৩
সংগৃহীত ছবি

ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় এবং রাতে ব্যানার ও লাঠিসোঁটা নিয়ে ৩৫ থেকে ৪০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এই মিছিল বের করে। পরবর্তীতে পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন— সাগর মোল্লা, মোহাম্মদ আলী, রাজু আহম্মেদ, ড্রাইভার ওলিল মিয়া, রাজীব সরকার, প্রদীপ কুন্ড, শহীদ হোসেন, রতন কুমার রাজবংশী, মোকসেদুর রহমান সোহাগ, হৃদয় হোসেন, জীবন সাহা, মোকাম্মেল হোসেন ও সজীব মিয়া। পুলিশ জানায়, এদের মধ্যে প্রথম ৪ জন সাভার বাসস্ট্যান্ডের রেন্ট-এ-কার চালক এবং বাকি ৯ জন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ও রাতে মহাসড়কের কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুত আত্মগোপনে চলে যায়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে রাতভর অভিযান চালিয়ে এই ১৩ জনকে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে বেশ কয়েকজন নেতাকর্মী পাশের জলাশয়ে সাঁতরে ওপারে পালিয়ে যায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সাভার পৌর এলাকার নেতাকর্মীর সংখ্যাই বেশি। তারা স্থানীয় আওয়ামী লীগ নেতা রাজীব সমর ও আতিকের অনুসারী হিসেবে পরিচিত।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে বুধবার (১৫ জুলাই) সকালে একটি মামলা দায়ের করা হয়েছে। আজই গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।:

ডেইলি-বাংলাদেশ/এ আর
লিংক সফলভাবে কপি হয়েছে!