ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খেলা শেষে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আর্জেন্টিনার সমর্থক ২ তরুণের 

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ২০ জুলাই ২০২৬
খেলা শেষে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আর্জেন্টিনার সমর্থক ২ তরুণের 
ফাইল ফটো

আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ম্যাচ দেখার পর যশোরের শার্শায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। 

সোমবার (২০ জুলাই) ভোর ৬টার দিকে শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)।

আহতরা হলেন একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল (৩০), ট্রলিচালক আমিরুল এবং হেলপার নীরব। ট্রলিচালক ও হেলপার শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ম্যাচ দেখার পর ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। এ সময় ইটভাটা থেকে ইট আনতে দ্রুতগতিতে গোগার দিকে যাচ্ছিল একটি ট্রলি। রুদ্রপুর এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাহিদ ও ঊষা নিহত হয়। পরে স্থানীয়রা আহত রুবেল, ট্রলিচালক ও হেলপারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। নিহতরা আর্জেন্টিনার সমর্থক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!