ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে কেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, আহত ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৫, ২৬ জুলাই ২০২৬
সাভারে কেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, আহত ৫
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের হেমায়েতপুরে কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি কেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রং মেশানোর কেমিক্যালের ওই ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে ট্যানারি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শামীম, ফায়ার সার্ভিস কর্মী মো. উজ্জল, মো. ওমর ফারুক, ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর আহত হন। পরে আহতদের রাতেই স্থানীয় একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কেমিক্যালের দোকানটিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় ট্যানারি ও সাভার ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কেমিক্যালের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যদের বেশ বেগ পেতে হয়। দীর্ঘ প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর রোববার সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!