নলডাঙ্গায় দুর্ঘটনার সিএনজিতে লুকিয়ে রাখা বিপুল গাঁজাসহ গ্রেফতার ৪
নাটোরের নলডাঙ্গায় সিএনজি অটোরিকশা দুর্ঘটনাকে কেন্দ্র করে লুকিয়ে রাখা ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর রাতে নলডাঙ্গার বুড়িরভাগ এলাকায় একটি সিএনজি অটোরিকশা উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা আরমান নামে একজন আহত হন। দুর্ঘটনার পর সিএনজিতে থাকা গাঁজার বস্তাগুলো সরিয়ে সহযোগীদের বাড়িতে লুকিয়ে রাখা হয় বলে পুলিশ জানায়।
পরে ১৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুটি বাড়িতে অভিযান চালায়। এ সময় গালিব মোস্তফার বাড়ির বাথরুমের ফলস ছাদ থেকে ১৯ কেজি ৭৭০ গ্রাম এবং নজরুল ইসলামের বাড়ি থেকে ১৩ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে গালিব মোস্তফা (২৫), মো. নজরুল ইসলাম ভোলা (৪০), মো. শাহাদৎ হোসেন (৪৫) ও মো. আরমান (৩০) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে পলাতক সিএনজি অটোরিকশার চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।