ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাপায় প্রাণ গেল ব্র্যাক কর্মকর্তার

ঈশ্বরদ( পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ২২ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাপায় প্রাণ গেল ব্র্যাক কর্মকর্তার
নিহত ব্র্যাক কর্মকর্তা

 

পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ও চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন। চাকরির কারণে পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পাকশী হাইওয়ে থানার এসআই আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন আনোয়ার হোসেন। পাবনা থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান আনোয়ার। পরে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি তাকে কিছুদূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এসআই আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!