ডেঙ্গু প্রতিরোধে গোয়ালন্দ হাসপাতালে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ ও আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজবাড়ী জেলা শাখা।
জেলা পরিষদ রাজবাড়ীর উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রম শুরু হয়।
অভিযান চলাকালে রেড ক্রিসেন্টের যুব সদস্যরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ও বাইরের চত্বর, ড্রেন এবং আঙিনায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
.png)
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান মো. আব্দুস সালাম মিয়া, জেলা রেড ক্রিসেন্টের সহসভাপতি মো. মনজুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসানসহ যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা।
অভিযান পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক ও রেড ক্রিসেন্টের রাজবাড়ী জেলা শাখার চেয়ারম্যান মো. আব্দুস সালাম মিয়া বলেন, সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয়সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী না থাকায় দ্রুত ময়লা জমে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। হাসপাতালের জনবল সংকট বিবেচনায় নিজস্ব উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালসহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুব রেড ক্রিসেন্টের সদস্যদের মাধ্যমে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
রেড ক্রিসেন্টের রাজবাড়ী জেলা শাখার সহসভাপতি মো. মনজুরুল আলম দুলাল বলেন, ‘রেড ক্রিসেন্ট সবসময় মানবিক ও সমাজসেবামূলক কাজে সামনের সারিতে থাকে। হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর সংকট বিবেচনা করেই আজকের এ উদ্যোগ। আমরা আশা করি, হাসপাতাল কর্তৃপক্ষ এখন থেকে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় রাখবে। প্রয়োজনে প্রতি বছরই আমরা এ ধরনের অভিযান পরিচালনা করতে প্রস্তুত।’
পরিচ্ছন্নতা অভিযানকে স্বাগত জানিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান বলেন, ‘প্রতিদিন এ হাসপাতালে গড়ে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ রোগী চিকিৎসা নিতে আসেন। সেই তুলনায় আমাদের পরিচ্ছন্নতাকর্মী অত্যন্ত অপ্রতুল। আমরা হাসপাতালের ভেতরের পরিবেশ পরিষ্কার রাখার সর্বোচ্চ চেষ্টা করি। তবে বাইরে জনবল সংকটে কাজ বাধাগ্রস্ত হয়। জেলা পরিষদ ও রেড ক্রিসেন্টের এ যৌথ উদ্যোগ আমাদের জন্য বড় সহায়তা।’
স্বেচ্ছাসেবীদের এ কার্যক্রম স্থানীয় রোগী ও দর্শনার্থীদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।