ঈদগাহ সংস্কারে সংঘর্ষ, আহত ৩০
নাটোরের সিংড়ায় ঈদগাহ সংস্কারে স্থানীয় সংসদ সদস্যের দেওয়া সাড়ে ৩ লাখ টাকার বরাদ্দ ও মালিকানা দাবিকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে হাতিয়ান্দহ ইউনিয়নের পাঁচলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের অধিবাসীদের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচলাড়ুয়া ঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের মধ্যে প্রায় তিন দশক ধরে বিরোধ চলছিল। সম্প্রতি নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক আনু ঈদগাহটি সংস্কারের জন্য সাড়ে ৩ লাখ টাকা বরাদ্দ দেন। শুক্রবার সকালে পাঁচলাড়ুয়ার বাসিন্দারা সীমানা নির্ধারণের কাজ শুরু করলে নতুনবস্তির লোকজন নিজেদের অংশ দাবি করে বাধা দেন। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও হাঁসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
.png)
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এমপি’র দেওয়া বরাদ্দের টাকা নিয়েই মূলত এ সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।