সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কটিয়াদীতে বিএনপির বিক্ষোভ
সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেলে কটিয়াদী বাসস্ট্যান্ডের পেট্রোল পাম্পের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। দলীয় স্লোগানে মুখর মিছিলটি কটিয়াদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
.png)
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দীন। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সাংগঠনিকভাবে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. জহর লাল সাহা, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শফিকুর রহমান বাদল, মো. শহিদুল্লাহ, জসীম উদ্দিন মেনু, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।