[ দেশজুড়ে ]
তজুমদ্দিনে মাদরাসা ভাঙচুর ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন
তজুমদ্দিনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার তজুমদ্দিন উপজেলার মধ্য চাঁদপুর রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জমি দখলের চেষ্টা, ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বিরুদ্ধে মাদরাসায় ভাঙচুর, শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিনকে হয়রানির অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা ঘটনার দ্রুত তদন্ত করে দায়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি মাদরাসার জমি এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বক্তব্য পাওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!