ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলায় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধার, চালক আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ৬ অক্টোবর ২০২৬
ভোলায় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধার, চালক আটক
ভোলার ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে উদ্ধার করা সয়াবিন তেল। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় অবৈধভাবে পাচারের সময় ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। উদ্ধার করা তেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ভোলার ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, দৌলতখান থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ সয়াবিন তেল নেওয়া হচ্ছে। পরে ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে কাভার্ডভ্যানটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা ১২ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। একই সঙ্গে চালক ওমর ফারুক (৫৫)কে আটক করা হয়।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশীর আলম বলেন, দৌলতখান রুটে চট্টগ্রামগামী বিভিন্ন জাহাজ থেকে অবৈধভাবে তেল খালাস করে স্থানীয়ভাবে বিক্রি এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচারের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬১ ব্যারেলে থাকা বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার করা তেল ও আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!