২২ বছর ধরে বসবাস, এবার খাসজমি ছাড়ার হুমকি
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে সরকারি খাসজমিতে দীর্ঘদিন ধরে বসবাস করা এক ভূমিহীন নারীকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী আলামিন ও রুহুল আমিন গং ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী ও এলাকাবাসী।
ভুক্তভোগী নারী রমিজা খাতুনের বয়স ৬০ বছর। তার স্বামী আনার আলী অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, প্রায় ২২ বছর আগে মস্তালীপুর গ্রামের সরকারি রাস্তার পাশে খাসজমিতে একটি কুঁড়েঘর তুলে বসবাস শুরু করেন রমিজা খাতুন। এরপর থেকে সেখানেই বসবাস করে আসছেন তিনি।
রমিজার অভিযোগ, তার বসতবাড়ির পাশের প্রভাবশালী নুর মোহাম্মদের ছেলে আলামিন ও রুহুল আমিনসহ কয়েকজন ওই খাসজমি দখলে নিতে তাকে ও তার ছেলে রবিউলকে উচ্ছেদের চেষ্টা করছেন। গত সোমবার তারা রমিজা ও তার ছেলে রবিউলকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিরাপত্তার কারণে রবিউল পাশের চড়ইকোল গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানদের রেখেছেন। অন্যদিকে, স্বামী পরিত্যক্ত রমিজা খাতুন নিজ বাড়িতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
রমিজা খাতুন বলেন, ‘প্রতিদিনই আমাকে মেরে ফেলা ও বাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। তাই মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।’
তিনি আরও বলেন, খাসজমিটি বন্দোবস্ত পাওয়ার জন্য তিনি একাধিকবার সহকারী কমিশনার (ভূমি) এবং ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করেছেন। কিন্তু এখনো জমিটি তার নামে বন্দোবস্ত দেওয়া হয়নি। তাকে সেখান থেকে উচ্ছেদ করা হলে কোথায় গিয়ে থাকবেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অভিযোগের বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, ‘খাসজমি ভূমিহীনরাই পাবেন। কেউ এটি দখল করতে পারবেন না। কারা এ ধরনের চেষ্টা করছে, বিষয়টি অবশ্যই আমি দেখব।’