ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারী-শিশুর অধিকার রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ১১ অক্টোবর ২০২৬
নারী-শিশুর অধিকার রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব
অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত। ডেইলি বাংলাদেশ

প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য নিরসন এবং নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, সঠিক তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন জনসচেতনতা বৃদ্ধি, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে।

রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টায় রাজবাড়ীর গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনারে বক্তারা এসব কথা বলেন। শাপলা মহিলা সংস্থার আয়োজনে প্রজন্ম সোপান প্রকল্পের দৌলতদিয়া শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শাপলা মহিলা সংস্থার উপনির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এবং উপজেলা আইসিটি কর্মকর্তা ও দৌলতদিয়া ইউনিয়নের প্রশাসক মো. নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাপলা মহিলা সংস্থার প্রজন্ম সোপান প্রকল্পের মনিটরিং কর্মকর্তা বিধান রায়, দৌলতদিয়া কার্যালয়ের প্রোগ্রাম ইমপ্লিমেন্টিং অফিসার মো. খোরশেদ আলম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের সদস্যরা।

সভায় মিডিয়া অ্যাডভোকেসির প্রয়োজনীয়তা, সঠিক তথ্য প্রচার, সামাজিক সমস্যা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা এবং জনসচেতনতা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, জনকল্যাণমূলক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্যভিত্তিক প্রতিবেদন জনমত গঠন, নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক পরিবর্তন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

তারা বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যা, বঞ্চনা এবং অধিকারসংক্রান্ত বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। এ ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, সংবেদনশীলতা এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। পরিকল্পিত অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের দাবি ও অধিকার আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব।

আলোচনায় গোয়ালন্দের যৌনপল্লিতে বসবাসকারী নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা এবং সামাজিক অন্তর্ভুক্তির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তারা বলেন, এ জনগোষ্ঠীর সদস্যরা সামাজিক বৈষম্য, সহিংসতা, শোষণ ও মানবপাচারের ঝুঁকিসহ নানা সমস্যার মুখোমুখি হতে পারেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক সেবা পাওয়ার ক্ষেত্রেও তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়।

বিশেষ করে শিশুদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং সহিংসতা ও শোষণ থেকে সুরক্ষায় পরিবার, কমিউনিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামাজিক সংগঠন ও সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দেন বক্তারা।

তারা আরও বলেন, এসব বিষয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশন সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনে সহায়ক হতে পারে। তবে সংবাদ প্রকাশের সময় ভুক্তভোগী ও ঝুঁকিতে থাকা নারী-শিশুর ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা ও নিরাপত্তা রক্ষা করতে হবে। পরিচয় প্রকাশের কারণে কেউ যেন নতুন করে হয়রানি, বৈষম্য বা ক্ষতির শিকার না হন, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।

সভায় সামাজিক সমস্যা সমাধানে গণমাধ্যম, প্রশাসন ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সঠিক তথ্যের ভিত্তিতে জনসচেতনতা তৈরি, নারী ও শিশুর অধিকার রক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিদ্যমান সেবাগুলো সহজলভ্য করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের গোলটেবিল সংলাপ ও সেমিনার গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াবে। এর মাধ্যমে সামাজিক সমস্যা চিহ্নিত করা, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নীতিনির্ধারকদের নজরে আনা এবং বৈষম্যহীন, নিরাপদ ও সচেতন সমাজ গঠনের উদ্যোগ আরও গতিশীল হবে।

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!