ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগাড়ায় দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় সভা, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫০, ১২ অক্টোবর ২০২৬
লোহাগাড়ায় দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় সভা, নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি
লোহাগাড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি: ডেইলি বাংলাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গুজব প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ বিন-আখন্দের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম।

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন পিভিএম, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু। এ ছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অ. ন. ম. নোমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লোহাগাড়া শাখার সভাপতি রিটন কান্তি বিশ্বাস এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন নাথসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনায় কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে হবে। এ জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তারা।

সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমসহ অন্য অতিথিরা লোহাগাড়ার এক প্রতিবন্ধী ব্যক্তির হাতে ট্রাইসাইকেল তুলে দেন। এ সময় সমাজসেবা অধিদপ্তরের অধীন পরিচালিত দুটি এতিমখানায় ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

পরে তারা উপজেলা পরিষদ চত্বরে নির্মিত সুইমিংপুল উদ্বোধন করেন। এ ছাড়া উপজেলার পদুয়া গুপ্তবাড়ি ও বাসুদেব সার্বজনীন মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/লোহাগাড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!