ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘুঘু-বক মেরে মাদকের আসর, কলাপাড়ায় দুই যুবকের সাজা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৬, ১৭ অক্টোবর ২০২৬
ঘুঘু-বক মেরে মাদকের আসর, কলাপাড়ায় দুই যুবকের সাজা
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় বন্য পাখি শিকার করে মাংস দিয়ে মাদকের আসর বসানোর প্রস্তুতির অভিযোগে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন তানজিল (২১) ও সাইমুন মাতুব্বর (২৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদের আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিকেলে এয়ারগান দিয়ে পৌর শহরের বিভিন্ন স্থানে পাঁচটি তিলা ঘুঘু ও একটি বক শিকার করেন ওই দুই যুবক। পরে পাখির মাংস দিয়ে মাদক সেবনের আসর আয়োজনের উদ্দেশ্যে নাচনাপাড়া এলাকায় যাওয়ার সময় তাদের আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, ঘুঘু ও বক হত্যার দায়ে তানজিলকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, ইয়াবা সেবন ও সেবনের সরঞ্জাম রাখার দায়ে সাইমুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযানের সময় কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য এবং অ্যানিমেল লাভার্স পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী সংরক্ষণ ও মাদকের অপব্যবহার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!