ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোহাগাড়ায় ৪ মন্দিরে সরকারি বরাদ্দ! নেই পূজার কার্যক্রম

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৪:১৬, ২০ অক্টোবর ২০২৬
লোহাগাড়ায় ৪ মন্দিরে সরকারি বরাদ্দ! নেই পূজার কার্যক্রম
লোহাগাড়ার বড়হাতিয়া শ্রী শ্রী শীব মন্দিরে বরাদ্দ নিয়ে কার্যক্রম নেই পূজার। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে ১১৬টি মন্দিরে বরাদ্দ দেওয়া হলেও ৪টি মন্দিরে পূজার কোনো কার্যক্রম নেই। এতে ক্ষোভ বিরাজ করছে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে। বরাদ্দ পেয়েও পূজা না হওয়া মন্দিরগুলো হলো- উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী শিব মন্দির, শ্রী শ্রী মা চণ্ডী মন্দির, আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী শিব মন্দির ও চুনতি ইউনিয়নের দক্ষিণ চুনতি শীলপাড়ার শ্রী শ্রী রক্ষাকালী মন্দির দুর্গোৎসব।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এসব মন্দিরের কোনোখানেই দুর্গাপূজার কোনো কার্যক্রম নেই। নেই ব্রাহ্মণ-আরাধনা, নেই ঢাকের বাজনা শংঙ্খ ধ্বনি, নেই নিরাপত্তায় নিয়োজিত আনসার ভিডিপি, নেই দর্শনার্থী বা পূজার্থীদের আগমন। অর্থাৎ পূজার কোনো আলামত সেখানে নেই। পূজা উদযাপন কমিটির নেতারা জানিয়েছেন, এক শ্রেণির অসাধু প্রকৃতির লোক চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে এসব বরাদ্দ অনুমোদন করালেও, মন্দিরগুলোতে পূজা হয় না। এমনকি একটি মন্দিরের স্থায়ী কোনো ঘর পর্যন্ত নেই।

জানা গেছে, এবার দুর্গাপূজায় ১১৬টি মন্দিরে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। ১১৬টি মন্দিরের ১১২টি দুর্গাপূজার কার্যক্রম চললেও ৪টিতে পূজার কোনো কার্যক্রমের দেখা মিলছে না।

আমিরাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী শিব মন্দির জগদ্ধাত্রী কমিটির সভাপতি শিপ্রা দাশ বলেন, আমাদের মন্দিরটি আমার পারিবারিক মন্দির। মন্দিরে দুর্গাপূজা না হলেও ১ মাস পর জগদ্ধাত্রী পূজা হবে। ওই পূজার জন্য সরকারি বরাদ্দ নেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহীদ আহমেদ জাকির বলেন, উপজেলা দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতাদের দেওয়া্  তালিকা মতো বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মন্দির তদারকি করার সুযোগ আমাদের নেই।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ জানান, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।

ডেইলি-বাংলাদেশ/লোহাগাড়া/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!