ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জ থেকে ঢাকার বাস চলাচল বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ২৫ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জ থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

নতুন বাস যুক্ত করা নিয়ে পরিবহন মালিকদের বিরোধের জেরে কিশোরগঞ্জ–মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কিশোরগঞ্জ ও ঢাকার দুই টার্মিনালে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে এবং বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পরিবহন মালিকদের একটি সূত্র জানায়, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান উন্নয়নে পুরোনো বাসের পরিবর্তে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হলে তারাও সম্মতি দেন। পরে কিশোরগঞ্জের মালিকেরা পুরোনো বাস সরিয়ে নতুন বাস চালু করলেও ঢাকার মালিকেরা পুরোনো বাস পরিবর্তন করেননি। বরং এ রুটে আরও দুটি বাস যুক্ত করেন তারা।

কিশোরগঞ্জের গাইটাল আন্তজেলা বাস টার্মিনালের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল আলম জোসেফ বলেন, ঢাকা থেকে অনন্যা পরিবহনের নতুন দুটি বাস যুক্ত করার বিষয়ে মালিকদের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই বাস দুটি চালু করা হয়। নিয়ম না মেনে একতরফাভাবে বাস চালুর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুই পক্ষের মধ্যে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে ঢাকায় কাউন্টার বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। এ সিদ্ধান্তের ফলে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্ল্যাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

কিশোরগঞ্জের গাইটাল বাস টার্মিনালে দুই সন্তান ও ব্যাগপত্র নিয়ে মহাখালীগামী বাসের অপেক্ষায় ছিলেন পোশাকশ্রমিক রেহানা আক্তার। তিনি বলেন, ছোট সন্তান ও ভারী ব্যাগপত্র নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে আছেন। এ সুযোগে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনাচালকেরা দ্বিগুণ থেকে তিন গুণ ভাড়া দাবি করছেন।

অনন্যা ক্ল্যাসিকের জেলখানা মোড় কাউন্টারের মাস্টার মো. কাজল খান বলেন, শনিবার দুপুরে টিকিট বিক্রির পর মহাখালী কাউন্টারে সমস্যার কথা জানতে পারেন তিনি। এরপর শনিবার বিকেল থেকে কিশোরগঞ্জ থেকে মহাখালীগামী বাসের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। বিষয়টি না জেনে বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা এসে ভোগান্তিতে পড়ছেন। মালিকদের সিদ্ধান্তের কারণে তারা টিকিট বিক্রি বন্ধ রেখেছেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, বাস চলাচল বন্ধের বিষয়টি তিনি জেনেছেন। বিষয়টি জানার পরই পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছেন। রোববার তাদের সঙ্গে বৈঠক করে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া বাস চলাচল বন্ধের সুযোগ কাজে লাগিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বা অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!