কিশোরগঞ্জে যুব জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত
আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠার প্রত্যয়ে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে যুব জমিয়ত বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলার সদস্য সম্মেলন ও কাউন্সিল।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জেলা শহরের হোটেল শেরাটনের সম্মেলন কক্ষে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জাকারিয়া আমিনী।
এতে যুব জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা আল-আমিন সা’দীর সভাপতিত্বে ও সদস্যসচিব মুফতি আব্দুল আহাদ খুর্শিদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদুল্লাহ জামী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা ইসহাক কামাল। বিশেষ বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমেদ। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও যুব জমিয়তের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম প্রতিষ্ঠার প্রত্যয়ে যুব সমাজকে সংগঠনের আদর্শ ও লক্ষ্য সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
সম্মেলন শেষে কাউন্সিলের মাধ্যমে মুফতি আল-আমিন সা’দীকে সভাপতি ও মুফতি আব্দুল আহাদ খুর্শিদীকে সাধারণ সম্পাদক করে যুব জমিয়ত বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।