রংপুরে মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩, আহত কয়েকজন
রংপুরের মিঠাপুকুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে খান এক্সপ্রেসের একটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুড়িগ্রামগামী খান এক্সপ্রেসের বাসটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুজন।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অবৈধভাবে ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বড়দরগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম উদ্দিন জানান, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে। তবে দুই গাড়ির চালকই পালিয়ে গেছেন।
এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি মামলা হয়েছে।