মালয়েশিয়ায় বাবরের মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা হায়দার আলী। তিনি বাবরের পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ২৭ অক্টোবর মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন বিএনপির এই নেতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ কারাবাসের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন লুৎফুজ্জামান বাবর। কারামুক্তির পর থেকে তিনি তীব্র পিঠের ব্যথা, মেরুদণ্ডের জটিলতা, শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যায় ভুগছেন। মেরুদণ্ডের জটিলতা বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।
চিকিৎসকদের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার তার মেরুদণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর আগে গত রোববার (৮ নভেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি।
এদিকে বাবরের দ্রুত রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নেত্রকোণার মদনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় শাহী মসজিদে এ আয়োজন করা হয়।
এতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় আলেম-ওলামা, মসজিদের মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মোনাজাতে মহান আল্লাহর কাছে বাবরের অস্ত্রোপচার-পরবর্তী দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।