ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
হোসেনপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে হোসেনপুর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক ও থানার ওসি (তদন্ত) শেখ তাজউদ্দীন আহমেদ।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় হোসেনপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করা হয়।
আটক কিশোরদের বিষয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুর পৌর সদরের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। স্কুল-কলেজ ও পৌর এলাকার বিভিন্ন সড়কে তাদের আনাগোনা এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইভটিজিংয়ের কারণে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।
কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।