ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
প্রবাসীর স্ত্রী সঙ্গে ভিডিও ছড়িয়ে পড়ায় যুবদল নেতার পদ স্থগিত
পটুয়াখালীর কলাপাড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই ঘরে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় যুবদলের এক নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে মহিপুর থানা যুবদল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানায় মহিপুর থানা যুবদল। পদ স্থগিত হওয়া নেতা মো. গোলাম মোর্তুজা। তিনি উপজেলার ৯ নম্বর ধুলাসার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
থানা যুবদলের দপ্তর সম্পাদক মো. মাসুম সুমনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে গোলাম মোর্তুজার সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। থানা যুবদলের সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদার অনুমোদনে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এর আগে, এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই ঘরে অবস্থানকালে স্থানীয়দের হাতে আটক হন যুবদল নেতা মোর্তুজা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় যুবদল।
এ বিষয়ে বক্তব্য জানতে গোলাম মোর্তুজার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্যাদা বলেন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের সুনাম ও শৃঙ্খলা অটুট রাখতে অভিযোগ যাচাই করে সাংগঠনিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।