ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

পরিবারের স্বপ্ন পূরণের আগেই ইতালিতে প্রাণ গেল জুনাইদের

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ২৫ নভেম্বর ২০২৬
পরিবারের স্বপ্ন পূরণের আগেই ইতালিতে প্রাণ গেল জুনাইদের
ইতালিতে নিহত জুনাইদ। ছবি ডেইলি বাংলাদেশ

ভালো থাকার স্বপ্ন, পরিবারের ভাগ্য বদলানোর প্রত্যাশা আর নিজের পায়ে দাঁড়ানোর আকাঙ্ক্ষা নিয়ে দেশ ছেড়েছিলেন জুনাইদ আহমেদ (২৩)। নানা পথ পেরিয়ে প্রায় দুই মাস আগে পৌঁছেছিলেন ইতালিতে। সেখানে নতুন করে জীবন শুরু করে একটি প্রতিষ্ঠানে কাজও নিয়েছিলেন। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর সেই স্বপ্ন আর পূরণ হলো না। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে এবার নিথর দেহে দেশে ফিরছেন তিনি।

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে ইতালির বারি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন জুনাইদ। কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত জুনাইদ আহমেদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া।

পরিবার সূত্রে জানা গেছে, স্বপ্ন পূরণের আশায় প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় যান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে অনিয়মিত পথে সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান তিনি। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেছিলেন। বিদেশে গিয়ে পরিবারের জন্য কিছু করার যে স্বপ্ন ছিল, তা পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবন।

তিন ভাই ও এক বোনের পরিবারে জুনাইদের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। তার এক ভাই ইতালিতে এবং অন্য ভাই মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে থাকেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে পরিবারে চলছে কান্না আর শোকের মাতম। স্বজনদের এখন একটাই চাওয়া, দ্রুত প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা।

মামাতো ভাই মো. নিশান মিয়া বলেন, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। ২৪ নভেম্বর রাতে ইতালিতে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে তিনি বলেন, পরিবারের সদস্যরা যেন শেষবারের মতো তাকে দেখতে পারেন। এ বিষয়ে সরকারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন তিনি।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ বলেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। নিহতের পরিবার মরদেহ দেশে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!