ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চুরির জন্য চার খুন, পুলিশের ব্যাখ্যাকে ‘খোঁড়া অজুহাত’ বলছেন বাদী
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে চুরির উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার খবর পেয়ে চুরি করতে গিয়ে বাধা পেয়ে চারজনকে হত্যা করেন ওই দুই ব্যক্তি। তবে পুলিশের এই ব্যাখ্যা মানতে নারাজ মামলার বাদী ও নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। তার দাবি, চারজনকে হত্যার পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিদ্ধার্থ ও মুগ্ধের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, অবসরের পর গণপতি চক্রবর্তী ব্যাংক থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা তুলে বাড়িতে রেখেছেন—এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পাশাপাশি তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর স্বর্ণালংকারের বিষয়টিও দুই প্রতিবেশী যুবকের নজরে আসে। এরপর তারা চুরির পরিকল্পনা করেন।
পুলিশের ভাষ্য, ঘটনার দিন দুই আসামি বাড়ির ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেললে বাধা দেওয়ার কারণে প্রথমে তাকে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তারা। হত্যাকাণ্ডে গামছা ও দড়ি ব্যবহার করা হয়। বাড়ি থেকে ১৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান আসামিরা বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আসামিদের আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, উদ্ধার হওয়া আলামত, সাক্ষীদের বক্তব্য এবং ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ করে অভিযোগপত্র তৈরি করা হয়েছে। মামলায় ৫৩ জন সাক্ষীকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ৬৩টি আলামত জব্দের কথা জানিয়েছে পুলিশ। অভিযোগপত্রে দণ্ডবিধির ৩০২, ৩৮০ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
তদন্তে ঘটনাস্থল থেকে দুই দফায় ৩১ ধরনের নমুনা সংগ্রহ করে ঢাকার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় খেজুরের বিচিতে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এছাড়া নিহত প্রীতিলতার গলায় প্যাঁচানো গামছার নমুনায় মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে এসব তথ্য ও পুলিশের তদন্তে সন্তুষ্ট নন মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে—এটা খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ আছে। শুরু থেকেই বলে আসছি, দুজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। আমরা সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানিয়েছি। কিন্তু আমাদের কথা গুরুত্ব পায়নি।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৩ আগস্ট গোপীনাথ চক্রবর্তী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরদিন মামলার তদন্তভার মহানগর ডিবির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে দুই অভিযুক্ত কারাগারে রয়েছেন। অভিযোগপত্র জমা হলেও মামলার বিচারিক প্রক্রিয়ায় আদালতে অভিযোগ প্রমাণের বিষয়টি এখনো বাকি।