ঢাকা, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
জুমার নামাজ পড়া হলো না, ট্রাকচাপায় প্রাণ গেল ইমামের
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের চাপায় মাওলানা আকরাম হোসেন (৫২) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর ওভারপাসের পূর্ব পাশে মাছবাজারসংলগ্ন সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি কুমিল্লার হোমনা থানার দরিচর গ্রামে। তিনি আব্দুল মতিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইনবোর্ড থেকে ভূঁইঘরের দিকে যাওয়ার পথে বালুবাহী একটি খালি ট্রাক দ্রুতগতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন ও একটি দোকানে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটির পেছনের বাম চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আকরাম হোসেন।
এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২) আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া রাস্তার পাশে থাকা দুটি ভ্যানগাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চাকার নিচ থেকে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে রেকারের সাহায্যে পুলিশ লাইনে পাঠায়।
ফতুল্লা মডেল থানা-পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।