ডেঙ্গুতে জুলাইয়ে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড
ডেঙ্গু অতীতের সব রেকর্ড ভেঙেছে জুলাই মাস। এই এক মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ হাজার। যা জুন মাসের তুলনায় সাতগুণ বেশি। আর জুলাইয়ের ৩০ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ২০০ জন।
দেশে ক্রমবর্ধমানহারে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় বর্তমান পরিস্থিতিতে তোড়জোড়ের মধ্যে কাজ করছে স্বাস্থ্য অধিদফতর। সরকারি হিসেবে চলতি বছর সারাদেশে এরই মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫০ হাজারে। মারা গেছেন প্রায় আড়াইশ’ মানুষ।
শুধু জুলাই মাসের পরিসংখ্যান বেশ ভয়ানক। জুনের তুলনায় চলতি মাসে রোগী বেড়েছে সাত গুণ। মারা গেছেন ২০০ জন। যা কিনা ডেঙ্গু আক্রান্তদের ভয়াবহ বছর ২০১৯ সাল এবং মৃত্যুর দিক থেকে ২০২২-কেও হার মানায়।
.png)
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বে-নজির আহমেদ বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনায় বেশি জোর দিতে হবে। আমাদের ঢাকার হাসপাতালগুলোতে ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে। এছাড়া ডেঙ্গু রোগীর ব্যবস্থাপনায় ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
এদিকে, সারা বছরই ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম জারি রাখার কথা বলছে স্বাস্থ্য অধিদফতর।