ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

প্রতি লিটার সয়াবিন তেলের দাম কমেছে ৪ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৫, ৩০ জুন ২০২১
প্রতি লিটার সয়াবিন তেলের দাম কমেছে ৪ টাকা
ফাইল ফটো

দেশের বাজারে সয়াবিন তেলের দামে অস্থিরতা বিরাজ করছে। কয়েক দফা দাম বাড়ার পর ৯ টাকা বেড়ে প্রতি লিটার তেল ১৫৩ টাকায় পৌঁছায়।

তবে সেই ৯ টাকা থেকে প্রায় অর্ধেক (৪ টাকা) কমে প্রতি লিটার তেল বিক্রি হবে ১৪৯ টাকায়। খোলা কিনলে ১২৫ টাকা দাম পড়বে। নতুন দাম বৃহস্পতিবার থেকে সারাদেশে কার্যকর হবে।  

ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম ৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

বুধবার সংগঠনের সচিব মো. নূরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে ৯ টাকা বাড়ানো হয়েছিল। এতে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১৪৪ টাকা থেকে বেড়ে ১৫৩ টাকায় পৌঁছায়। 

এদিকে লিটারে ৪ টাকা কমানোর ঘোষণা দেওয়া হলেও ৫ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম ১৬ টাকা কমছে। ৭২৮ টাকার পরিবর্তে বর্তমানে ৭১২ টাকায় কেনা যাবে।

অন্যদিকে, প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১১২ টাকা থেকে কমে ১০৮ টাকা হবে।

ভোজ্যতেলের দাম কমানোর বিষয়ে সংগঠনটি জানায়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে পবিত্র ঈদুল আজহা, করোনাভাইরাস পরিস্থিতি ও ভোক্তার ক্রয়-ক্ষমতা বিবেচনায় সয়াবিন, পাম ও অন্যান্য ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!