ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

প্রবাসী আয় এলো ২১৬১ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১০, ২ জুলাই ২০২৩
প্রবাসী আয় এলো ২১৬১ কোটি ডলার
ফাইল ফটো

বাংলাদেশিরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ। দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে রোববার এ তথ্য জানা গেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকটসহ নানা কারণে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে বেশি পরিমাণে রেমিট্যান্স বা প্রবাসী আয় আনতে নানা উদ্যোগ নেয় সরকার। এরপরও ব্যাংকের আশানুরূপ হারে রেমিট্যান্স বাড়েনি। এক মাসে বাড়ছে তো আরেক মাসে কমছে।  

Advertisement

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে জানা গেছে, সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৬১ কোটি ১০ লাখ ডলার। (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৩৪ হাজার ৪৭৫ কোটি টাকার বেশি)। এই অংক আগের অর্থবছরের চেয়ে ৫৭ কোটি ৯০ লাখ ডলার বেশি। ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৬ লাখ ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আসে ২ হাজার ৪৭৭ কোটি ৭০ লাখ ডলার। ২০১৯-২০ এসেছিল ১ হাজার ৮২০ কোটি ৫০ লাখ ডলার এবং ২০১৮-১৯ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ১ হাজার ৬৪১ কোটি ৯৬ লাখ ডলার।

প্রবাসীরা ২০২২-২৩ অর্থবছরে সরকারি ৫টি ব্যাংকের মাধ্যমে ৩৩৯ কোটি ৯২ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। বিশেষায়িত একটি ব্যাংকে এসেছে ৫২ কোটি ২২ লাখ ডলার। বেসরকারি ৪০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৬১ কোটি ২০ লাখ ডলার। আর বিদেশি ৬ ব্যাংকে এসেছে ৭ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!