শেয়ারবাজারে বীমা খাতের দাপট
দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বীমা খাতের কোম্পানিগুলো। অন্য খাতে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার বিপরীতে বীমা খাতের সিংহভাগ কোম্পানির শেয়ার দাম বেড়েছে। এমনকি একাধিক বীমা কোম্পানির শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়েছে। ফলে বড় পতনের হাত থেকে রক্ষা পেয়েছে শেয়ারবাজার।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ারবাজারে এ অবস্থার সৃষ্টি হয়। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমার পাশাপাশি কমে সবক’টি মূল্যসূচক।
সোমবার প্রথম ঘণ্টার লেনদেন শেষ হওয়ার পর পরই একাধিক বীমা কোম্পানির শেয়ার দাম সর্বোচ্চ পরিমাণ বেড়ে যায়। যার ইতিবাচক প্রভাব পড়ে অন্য খাতেও। ফলে লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ১১ পয়েন্ট বেড়ে যায়।
সবমিলে দিনের লেনদেন শেষে বীমা খাতের ৪১টি কোম্পানির শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭টির। আর সব খাত মিলে ডিএসইতে ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০২টির এবং ১৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৭ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ২ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে।
দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬৩৩ কোটি ৪৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ১৬ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১১২ কোটি ৬৭ লাখ টাকা।
বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির ৩০ কোটি ৩২ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আরডি ফুড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, জেমিনি সি ফুড, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স এবং এডিএন টেলিকম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৫০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির এবং ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৮ কোটি ৬৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৫ কোটি ৫৩ লাখ টাকা।