ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে আরো ঋণ সহায়তা জাপানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২৩
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে আরো ঋণ সহায়তা জাপানের
ফাইল ফটো

মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের জন্য আরো দেড় হাজার মিলিয়ন ডলার ঋণ দেবে জাপান। জাপান সরকারের ৪৪তম ওডিএ লোন প্যাকেজের ২য় ব্যাচের আওতাধীন ৭ম পর্যায়ের এ ঋণের জন্য দুদেশের মধ্যে বিনিময় নোট ও ঋণচুক্তি সই হয়েছে।

শনিবার রাজধানীর আগারগাঁও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভাকক্ষে ঋণচুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে ঋণচুক্তিতে সই করেন।

ইআরডি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঋণচুক্তিটির আওতায় জাপান সরকার বাংলাদেশকে ২ লাখ ১৭ হাজার ৫৫৬ মিলিয়ন জাপানিজ ইয়েন (আনুমানিক ১ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা প্রদান করবে। স্বাক্ষরিত ঋণের বাৎসরিক সুদের হার নির্মাণকাজের জন্য ১ দশমিক ৬০ শতাংশ, পরামর্শক সেবার জন্য  শূন্য দশমিক ১০ শতাংশ, এককালীন শূন্য দশমিক ২শতাংশ। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।

Advertisement

আরো বলা হয়, এই প্রকল্পে জাইকা কর্তৃক পর্যায়ক্রমে ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে। এরই মধ্যে ৬টি পর্যায়ে মোট ৪ লাখ ৩৭ হাজার ৭৫৪ মিলিয়ন জাপানিজ ইয়েনের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৪৪তম ওডিএ লোন প্যাকেজ (২য় ব্যাচ)-এর আওতায় ৭ম পর্যায়ে ২ লাখ ১৭ হাজার ৫৫৬ মিলিয়ন জাপানিজ ইয়েন দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!