ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জমে উঠছে বাণিজ্য মেলা
যতই সময় গড়াচ্ছে জমে উঠছে বাণিজ্যমেলা। প্রথমদিকে দর্শনার্থীদের তেমন ভিড় না থাকলেও ছুটির দিনে ভিড় বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের সব বয়সী ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ।
মেলায় কেউ আসছেন প্রয়োজনীয় জিনিস কিনতে। আবার কেউবা আসছেন ঘুরতে। তবে মেলায় দর্শনার্থীদের ভিড় বাড়লেও কেনাবেচা তেমন জমে উঠেনি। মেলায় মাঝামাঝি সময় কেনাবেচা জমবে বলে আশা করছেন বিক্রেতারা।
শনিবার সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলা প্রাঙ্গণে মানুষের ভিড়। বেশির ভাগ মানুষই ঘুরে দেখছেন বিভিন্ন স্টল। কেনাকাটা তেমন করছেন না। তারা বলছেন, মেলার শেষের দিকে কেনা কাটা করবো। এখন আসছি। জিনিসপত্র দেখছি। দামের আইডিয়া নিচ্ছি।
রাজধানীর উত্তরা থেকে সপরিবারে মেলায় এসেছেন সরকারি চাকরিজীবী হিমেল আহমেদ। তিনি বলছেন, আজ তার সাপ্তাহিক ছুটি। তাই পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসছেন।
তিনি আরো বলেন, রাজধানীর ব্যস্ত জীবনে চাইলে কোথাও ঘুরতে যাওয়া হয় না। বাণিজ্য মেলা আমাদের সেই সুযোগ করে দিচ্ছে। পরিবার নিয়ে ঘোরাও হলো আবার প্রয়োজনীয় জিনিসও কিনতে পারলাম। এক ঢিলে দুই পাখি মারা।
এদিকে ব্যবসায়ীরা বলছেন, কেনাকাটা তেমন জমে উঠেনি। মেলায় মানুষের ভিড় বাড়লেও বিক্রি বাড়েনি। মানুষ আসে দাম জানতে চায়। ঘুরে ফিরে চলে যায়। তবে আগামী সপ্তাহে বিক্রি বাড়বে আমা করা যাচ্ছে।
দেশীয় পণ্যের পাশাপাশি এবারের বাণিজ্যমেলায় ভারত, সিঙ্গাপুর, তুরস্ক, ইরান, পাকিস্তান, হংকং, ইন্দোনেশিয়া, সহ বিভিন্ন দেশ অংশ নিয়েছে।
এসব দেশের বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিকস অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া/আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য প্রদর্শিত হচ্ছে।
এছাড়াও রয়েছে স্পোর্টস গুডস, স্যানিটারি ওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য।