পণ্যের উচ্চমূল্যে ৭০ শতাংশ পরিবারের খাদ্যাভ্যাস পরিবর্তন
পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে ৭০ শতাংশ পরিবার তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করেছে। কোভিড-১৯ মহামারি-পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে করা এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদেনে উঠে এসেছে, ৩৫ শতাংশ খাদ্যবহির্ভূত ব্যয় হ্রাস করেছে, ২৮ শতাংশ ঋণ গ্রহণ করেছে এবং ১৭ শতাংশ সঞ্চয় হ্রাস করেছে। খাদ্যাভ্যাসের এমন হ্রাসমান তারতম্য পরিবারগুলোকে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ফেলেছে।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এবং ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (জিডিআই) যৌথভাবে এ গবেষণা করেছে।
.png)
২০১৮ সালে সানেম-জিডিআই বাংলাদেশের ৫০০টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটে (পিএসইউ) ১০ হাজার ৫০০টি খানায় একটি জরিপ চালায়। বর্তমান গবেষণায়, ২০২৩ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে সারা বাংলাদেশে এ একই খানাগুলোতে জরিপ করা হয়েছে।
‘কোভিড-১৯ প্যান্ডেমিক, পোস্ট প্যান্ডেমিক চ্যালেঞ্জেস, অ্যান্ড পোভার্টি ডাইনামিকস ইন বাংলাদেশ: এভিডেন্স ফ্রম আ লংগিটিউডিনাল হাউসহোল্ড সার্ভে’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
এ গবেষণা এফএও নির্দেশিকা অনুসরণ করে ফুড ইনসিকিউরিটি এক্সপেরিয়েন্স স্কেল দ্বারা খাদ্য নিরাপত্তাহীনতা পরিমাপ করে। এপ্রিল ও অক্টোবর-নভেম্বর ২০২৩-এর মধ্যে সব অঞ্চলজুড়ে দরিদ্র এবং অদরিদ্র পরিবারের জন্য ফুড ইনসিকিউরিটি এক্সপেরিয়েন্স স্কেল আরো খারাপ হয়েছে।