ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ডিএসই’র বাজার মূলধন কমলো ৪৩৮২ কোটি টাকা

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৫, ৩ আগস্ট ২০২৪
ডিএসই’র বাজার মূলধন কমলো ৪৩৮২ কোটি টাকা
ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে টানা দরপতন হয়েছে। এতে সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকার বেশি। দাম কমার তালিকায় নাম লিখিয়েছে ডিএসইর অধিকাংশ প্রতিষ্ঠান।

এছাড়া গত সপ্তাহজুড়ে ডিএসইতে অধিকাংশ প্রতিষ্ঠানের সবকটি মূল্য সূচকও কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের গতি। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মাত্র ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৩২৭টির। আর ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমায় সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৩৬৮ কোটি টাকা। যা গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৫৭ হাজার ৭৫০ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪ হাজার ৩৮২ কোটি টাকা বা দশমিক ৬৭ শতাংশ।

Advertisement

এদিকে, ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স গত সপ্তাহে কমেছে ৭৯ দশমিক ৭১ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ। প্রধান মূল্য সূচকের পাশাপাশি কমেছে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। গত সপ্তাহজুড়ে এই সূচকটি কমেছে ৩১ দশমিক ৯২ পয়েন্ট বা ১ দশমিক ৬৫ শতাংশ। আর ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক কমেছে ১৭ দশমিক ৯৯ পয়েন্ট বা ১ দশমিক ৫২ শতাংশ।

মূল্য সূচক কমার পাশাপাশি লেনদেনের গতিও কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৯২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫৫৫ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৭৬ কোটি ১৯ লাখ টাকা বা ১৩ দশমিক ৭৩ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!