ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাংলাদেশে বিনিয়োগে প্রবাসীদের জন্য বড় উদ্যোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮, ৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশে বিনিয়োগে প্রবাসীদের জন্য বড় উদ্যোগ
সংগৃহীত ছবি

প্রবাসী বাংলাদেশিদের সঞ্চিত অর্থ দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই বিনিয়োগে কাজে লাগাতে ১০০ কোটি মার্কিন ডলারের বিশেষায়িত তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এম ক্যাপিটাল। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের নেতৃত্বে প্রতিষ্ঠানটি এ তহবিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে তহবিলটির ঘোষণা দেওয়া হয়। এম ক্যাপিটালের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।

Advertisement

অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণদের মেধা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সামাজিক ব্যবসার প্রসারে গুরুত্ব দেন। প্রবাসী বাংলাদেশিদের অর্জিত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উৎপাদনশীল উদ্যোগে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও কাঠামোগত সংস্কারের অগ্রগতি তুলে ধরেন। বিদেশি ও প্রবাসী উদ্যোক্তাদের সরাসরি বাংলাদেশে এসে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ পর্যবেক্ষণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে নতুন করে আস্থা তৈরি হতে পারে।

তহবিলের কাঠামো তুলে ধরে এম ক্যাপিটালের চেয়ারম্যান আহসান এইচ মনসুর জানান, প্রবাসীদের পাঠানো অর্থকে উৎপাদনশীল সম্পদে রূপান্তরের লক্ষ্যে ১০০ কোটি ডলারের কাঠামোর আওতায় তিনটি পৃথক ফান্ড গঠন করা হবে। এগুলো হলো—ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড এবং হেলথকেয়ার ইমপ্যাক্ট ফান্ড।

তিনি জানান, প্রতিটি ফান্ড দেশীয় ও আন্তর্জাতিক আইন এবং নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে। স্বচ্ছতা নিশ্চিতে স্বাধীন উপদেষ্টাদের তদারকি থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে দুই বছরের লক-ইন সময়ও নির্ধারণ করা হয়েছে। ফান্ডগুলোর ট্রাস্টি ও কাস্টডিয়ানের দায়িত্বে থাকবে ব্র্যাক ব্যাংক।

বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে যুক্ত করতে প্রায় ১০০টি প্রধান শহরে পৌঁছানোর লক্ষ্য নিয়েও কাজ করছে এম ক্যাপিটাল।

আহসান এইচ মনসুর বলেন, ‘ডাকছে বাংলাদেশ’ শুধু একটি স্লোগান নয়, বরং বড় ধরনের পরিবর্তনের সূচনার উদ্যোগ। প্রবাসীদের সঞ্চিত অর্থ, বৈশ্বিক যোগাযোগ ও পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ও উচ্চমূল্যের বিনিয়োগের কেন্দ্রে পরিণত করাই এর লক্ষ্য।

এম ক্যাপিটাল জানিয়েছে, প্রবাসী ও স্থানীয় বিনিয়োগকারীদের অর্থ দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। ঢাকার বনানীতে প্রতিষ্ঠানটির নিবন্ধিত প্রধান কার্যালয় রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!