ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আন্তর্জাতিক বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
টানা দরপতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৬৩৫ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৯ মিনিটে স্পট গোল্ডের দাম এ পর্যায়ে পৌঁছায়। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬৩৪ ডলার ২০ সেন্ট হয়েছে।
রয়টার্স জানায়, গত সপ্তাহে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর কম দামে স্বর্ণ কেনার প্রবণতা বেড়েছে। এর ফলে বাজারে ধাতুটির দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর কঠোর অবস্থানের ইঙ্গিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতনের কারণে স্বর্ণের বাজারে চাপ তৈরি হয়। লোকসান সামাল দিতে ও নগদ অর্থ সংগ্রহ করতে বিনিয়োগকারীরা স্বর্ণ বিক্রি করেন। তবে সেই চাপ এখন কিছুটা কমেছে।
ডিএইচএফ ক্যাপিটালের প্রধান নির্বাহী বাস কুইজমান বলেন, সুদের হার বাড়ানোর প্রত্যাশা এখনো স্বর্ণের দামের ওপর চাপ তৈরি করতে পারে।
বাজারে ধারণা করা হচ্ছে, আগামী ডিসেম্বরের বৈঠকে ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে। এ সম্ভাবনা ৯৫ শতাংশ। অন্যদিকে, ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৪ দশমিক ৯ শতাংশ।
এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দাম কমেছে। এদিন রুপার দাম দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ ডলার ৭২ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৩০১ ডলার ৮১ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৬ শতাংশ কমে ৮৮৮ ডলার ১২ সেন্টে দাঁড়িয়েছে।