ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

খেলাকে কেন্দ্র করে মারামারি, ইবি শিক্ষার্থী বহিষ্কার 

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৭, ২৬ এপ্রিল ২০২২
খেলাকে কেন্দ্র করে মারামারি, ইবি শিক্ষার্থী বহিষ্কার 
মামুন অর রশিদ ল’ অ্যন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মামুন অর রশিদ ল’ অ্যন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ক্যাম্পাস সূত্রে, গত ২৮ মার্চ মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মাঠে নামে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ। খেলায় দুই দফায় মারামারির ঘটনা ঘটে। খেলা চলাকালে প্রথম দফায় মারামারি হয়। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সহায়তায় বিষয়টি সমাধান করে পুনরায় খেলা শুরু হয়। খেলা শেষে সন্ধ্যায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শিহাবকে মারধর করে মামুন। এতে গুরুতর আহত হন শিহাব। 

Advertisement

এ ঘটনায় অভিযুক্তের বিচার চেয়ে আন্দোলনে নামে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। পরে ৩০ মার্চ অভিযুক্ত মামুনকে শোকজ করে প্রশাসন। তাকে তিন কার্যদিবসের মধ্যে উপর্যুক্ত কারণ দর্শানোর জন্য বলা হয়। তবে কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় ২০ এপ্রিল তাকে সাময়িক বহিষ্কার করে প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বলেন, কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ওই ছাত্রের বিরুদ্ধে বিস্তারিত তথ্য উৎঘাটনপূর্বক রিপোর্ট পেশ করার জন্য ভিসি ড. শেখ আবদুস সালাম তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিতে চারুকলা বিভাগের সভাপতি ড. মামুনুর রহমানকে আহবায়ক, সাদ্দাম হোসেন হল প্রভোস্ট ড. আসাদুজ্জামানকে সদস্য ও সহকারী প্রক্টর ড. মুর্শিদ আলমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!