ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ছয় শতাধিক শিক্ষার্থীর টিউবওয়েল একটি!

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫১, ২৯ মে ২০২২
ছয় শতাধিক শিক্ষার্থীর টিউবওয়েল একটি!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৭ টি আবাসিক হলের মধ্যে মাদার বখ্শ একটি। এই আবাসিক হলটিতে প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী থাকেন। বিভিন্ন সমস্যা, অভিযোগ আর সংকটের কোনো শেষ নেই এই আবাসিক হলটিতে।

গত তিন দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে হলের ওয়াইফাই সংযোগ। এছাড়াও হলের তিনটি ব্লকের জন্য রয়েছে মাত্র একটি টিউবওয়েল। ফলে খাবার পানির সংকটে ভুগছেন শিক্ষার্থীরা। এসব সংকটের বিষয়ে হল প্রশাসনের নিরুদ্বেগ থাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। 

সরেজমিনে দেখা যায়, হলের কোনো ওয়াইফাই রাউটারেই সংযোগ দেয়া যাচ্ছে না। এছাড়া শিক্ষার্থীদের খাবার পানির জন্য হলের ভিতর তিনটি টিউবওয়েল থাকলেও শুধু মসজিদের সামনের একটি টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করা যায়। দ্বিতীয় ব্লকের সামনে আরেকটি টিউবওয়েল থাকলেও সেটার পানিতে প্রচুর পরিমানে আয়রন থাকার কারণে ব্যবহার করার অনুপযোগী। 

Advertisement

শিক্ষার্থীদের অভিযোগ, ‘নামমাত্র’ ওয়াইফাই সংযোগ রয়েছে হলটিতে। এই ইন্টারনেট দিয়ে কোনো সাইটে ঠিকমতো ব্রাউজ করা যায় না। কোনো গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোড দেয়ার কথা চিন্তাই করা যায় না। 

হলের আবাসিক শিক্ষার্থী এবাদুল্লাহ্ মিয়া বলেন, আমাদের হলের যে ওয়াইফাই, তাতে মাঝেমধ্যে কানেক্ট করাই যায় না। এই ওয়াইফাই দিয়ে কোনো ক্লাস করা বা প্রয়োজনীয় ডকুমেন্টস ডাউনলোড দেয়া যায় না। একটা ব্লকে মাত্র দুইটা করে রাউটার। কোনো ব্লকে একটা করে রাউটার আছে। ফলে রাউটারের আশেপাশের দুই একটি রুম ছাড়া অন্যগুলোতে ইন্টারনেট পাওয়া যায় না।

খাবার পানির সংকটের বিষয়ে বলেন, ১০১ নম্বর রুম থেকে শুরু করে ৪৫৬ নম্বর রুমের শিক্ষার্থীরা মাত্র একটি টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করে। একটা টিউবওয়েলের উপর এতো চাপ থাকার কারণে দুই একদিন পরপরই ওই টিউবওয়েলটিও নষ্ট হয়ে যায়। তখন আর পানিই পাওয়া যায় না। 

হলের আরেক আবাসিক শিক্ষার্থী বলেন, আমাদের সমস্যা নিয়ে হল প্রশাসনের কাছে গিয়ে কখনোই কোনো প্রতিকার পাওয়া যায় না। একটা হল কিভাবে চলছে, সেদিকে কারো কোনো নজর নেই। সিট সংক্রান্ত ঝামেলায় প্রাধ্যক্ষের কাছে গেলে তিনি ‘উল্টাপাল্টা’ বুঝিয়ে বিদায় করেন। অন্য কোনো সমস্যা নিয়ে গেলে বলে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। দ্রুতই সমাধান হবে। আসলে কাজের কাজ কিছুই হয় না।

এই বিষয়ে জানতে হল প্রাধ্যক্ষ ড. শামীম হোসাইন বলেন, ওয়াইফাই সমস্যার কথাটি আমি অবগত হয়েছি। ইতিমধ্যে বিষয়টি আইটি সেন্টারে জানানো হয়েছে। টেকনিক্যাল কারণে মেইন লাইন থেকে সমস্যাটা হয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন। তারা সমস্যা সমাধানে কাজ শুরু দিয়েছে। কয়েকদিনের মধ্যেই এ সমস্যা সমাধান হবে।

এছাড়া পানি সংকটের বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ বলেন, পুরো হল জুড়ে একটা টিউবওয়েল যেখান থেকে শিক্ষার্থীরা খাবার পানি সংগ্রহ করে। এতে কিছুটা সমস্যা হয়। তবে এ সমস্যা থেকে শিক্ষার্থীদের উত্তরণের জন্য সাবমারসিবল সুবিধার ব্যবস্থা করা হয়েছে। তারা সেখান থেকে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!