বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অধ্যাপক কাজেম কাহদুয়ি জাদুঘরের প্রত্নতত্ত্ব ও শিল্পবস্তুর গ্যালারি ঘুরে দেখেন। এছাড়াও জাদুঘরে রক্ষিত প্রাচীন ফারসি পাণ্ডুলিপি ও শিলালিপি দেখেন। তিনি ইতিহাসের অমূল্য সম্পদ এসব পাণ্ডুলিপি ও শিলালিপি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ ও অনুবাদের বিষয়ে সহযোগিতার আগ্রহ দেখান।
.png)
এ সময় জাদুঘরের পরিচালক অধ্যাপক এ আর এম আব্দুল মজিদ, রাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক মো. ওসমান গনীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বুধবার অধ্যাপক কাজেম কাহদুয়ি রাবি ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এ সময় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইরানের ইয়াজদ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
রাবি ভিসি তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রমের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ ব্যক্ত করেন। সেখানে প্রো-ভিসি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, সিন্ডিকেট সদস্য মো. সফিকুজ্জামান জোয়ারদার, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক মো. ওসমান গণীসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, তেহরানস্থ বাংলাদেশ দূতাবাস অধ্যাপক কাজেম কাহদুয়ির এই সফর ও প্রাসঙ্গিক কার্যক্রম আয়োজন করেন।