সুফিয়া কামাল হল আবৃত্তি সংসদের যাত্রা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলে উদ্বোধন করা হয়েছে সুফিয়া কামাল হল আবৃত্তি সংসদ।
শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদটির উদ্বোধন করেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ ড. তৌহিদা রশিদ। এছাড়া সুফিয়া কামাল হল আবৃত্তি সংসদের মডারেটর শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক রায়হান আরা জামান উপস্থিত ছিলেন।
আয়োজনে ড. মুহম্মদ সামাদ সংগঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখনকার ছেলেমেয়েদের জানার আগ্রহ অনেক কমে গেছে। সেখানে সুফিয়া কামাল হলের এই যাত্রা অব্যাহত থাকুক।
কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ ড. তৌহিদা রশিদ বলেন, সংস্কৃতি মানুষের মনের বিকাশ সাধন করে। তাই যখন এই উদ্যোগ নিয়ে আমিও আগ্রহী ছিলাম।
সুফিয়া কামাল হল আবৃত্তি সংসদের মডারেটর রায়হান আরা জামান বলেন, আমি নিজেও কবিতা ভালোবাসি। তাই আমি খুব আগ্রহের সঙ্গে এই সংগঠনের দায়িত্ব নিয়েছি। আশা করি আমরা সামনে অনেক দূর এগিয়ে যাব।
উক্ত আয়োজনে সুফিয়া কামাল আবৃত্তি সংসদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি আইভি আক্তার ও সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার মণিকা।