বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ইতিহাস পরিবহনের বাসগুলো আটক করেন তারা।
ভুক্তভোগী মামুনুর রেজা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী। এ ছাড়া অভিযুক্ত রাকিবুল ইসলাম রাব্বি ইতিহাস পরিবহনের লাইনম্যান। তিনি মিরপুর-১ থেকে মিরপুর-১৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
.png)
শিক্ষার্থী মামুনুর রেজা বলেন, গতকাল বুধবার সকাল ৮টায় ক্যাম্পাসে আসার জন্য মিরপুর-১০ থেকে ইতিহাস পরিবহনের একটি বাসে উঠি। এ সময় লাইনম্যান রাব্বি আমাকে টিকেট নিতে বলে এবং টিকিট ছাড়া গাড়িতে উঠতে দিবে না বলে জানায়। স্টুডেন্ট বলার পরেও আমাকে ৩২ টাকার টিকেট হাতে ধরিয়ে দেয়।
তিনি আরো বলেন, মিরপুর থেকে ২০ বা ২৫ টাকা স্টুডেন্ট ভাড়া দিয়ে ক্যাম্পাসে আসা যায়। তাই আমি ৩২ টাকা নেওয়ার বিষয়টির প্রতিবাদ করি। তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শোনা মাত্রই, ‘আজ তোদের পাইছি’ বলে কলার ধরে বাস থেকে নিচে নামিয়ে ধাক্কা দিয়ে মারতে শুরু করে। এ ছাড়া অকথ্য ভাষায় বিশ্ববিদ্যালয়ের নামে গালিগালাজ করতে থাকে।
ইতিহাস পরিবহনের একটি বাসের চালক রুবেল মিয়া বলেন, শিক্ষার্থীরা ২৯টি বাস আটকে রেখেছে। শুনেছি মিরপুরের লাইনম্যান রাব্বি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে। বাস কখন ছাড়বে তা জানি না। তবে শুনেছি মালিকপক্ষ আসছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল বলেন, যে মারধর করেছে, সে শাস্তি পাওয়ার যোগ্য। আমরা বিষয়টি পর্যবেক্ষণে রাখছি। বাসের মালিকপক্ষ আসবে। তারা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও মালিকপক্ষ বসে এটার সমাধান করা হবে।