বিশ্বকাপের খেলা মাঠে গড়ানোর আগেই যেন পতাকার দৈর্ঘ্যের লড়াইয়ে জিতে থাকতে চান সব দলের সমর্থকরা। সেই ধারাবাহিকতায় সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে লাগানো হয় ৩০ ফুট দীর্ঘ জার্মানির পতাকা।
পরবর্তীতে তাদের দৈর্ঘ্যের বিচারে হারিয়ে বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলে ৭৫ ফুট দীর্ঘ পতাকা লাগিয়ে শ্রেষ্ঠত্বের দাবি করেন আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠী। তাদের মতে লিওনেল মেসির ছোঁয়া পেতেই এবারের বিশ্বকাপ অপেক্ষা করছে। সমর্থিত দেশের পতাকা একটি ভালোবাসার জায়গা বলেও আবেগ প্রকাশ করেন এক সমর্থক।
.png)

তবে সর্বশেষে ব্রাজিলের সমর্থকেরা সবাইকে পেছনে ফেলে ১০০ ফুট দৈর্ঘ্যের একটি পতাকা টানায়। এছাড়াও ব্রাজিল সেরা প্রমাণে পতাকাটি ঠিক আর্জেন্টিনার পতাকার পাশে টানান শেকৃবির ব্রাজিল সমর্থকগণ।
সমর্থকদের এ পতাকাকাণ্ড নিয়ে ব্রাজিল সমর্থক আল সাদি প্রিয়াল ডেইলি বাংলাদেশকে বলেন, ‘বিশ্বকাপের উন্মাদনায় সবাই মগ্ন। সেখানে ব্রাজিল আর্জেন্টিনা বা জার্মানির চেয়ে বিশ্বকাপ জয় বা যেকোনো দিক দিয়েই এগিয়ে থাকায় আমরাই সবচেয়ে বড় পতাকাটি বানিয়েছি। তাছাড়াও জয় পরাজয় সব বিবেচনায় আমরা ব্রাজিলকেই সমর্থন করে যাব।’
এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরা আয়োজন করে ফেলেছে প্রীতি বিশ্বকাপ ২০২২ ফাইনাল ম্যাচ। যেখানে ২-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে ব্রাজিল। পতাকা আর প্রীতি ম্যাচে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে আর্জেন্টিনাই বিজয়ের মুকুট পরবে বলে বিশ্বাসী আর্জেন্টাইন সমর্থকরা।