আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতার ছেলেদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। অনুষ্ঠিত ফাইনাল খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) ২৯-২২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইবি। এদিকে মেয়েদের ইভেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ১৮-০৪ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ইবির ফুটবল মাঠে সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছেলেদের ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এদিকে মেয়েদের ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
.png)

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ট্রফি তুলে দেন ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এছাড়া অংশগ্রহণকারী টিমের বিদায়ী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল ও তথ্য প্রকাশনা ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, তিন দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত। এ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী ভলিবল প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হবে।