ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]
সালতামামি

গবেষণা-উদ্ভাবনে সাফল্য, যেসব আলোচনায় শেকৃবির ‘২০২২’

শাহেদ মাহমুদ, শেকৃবি
প্রকাশিত: ১০:০২, ২২ ডিসেম্বর ২০২২
গবেষণা-উদ্ভাবনে সাফল্য, যেসব আলোচনায় শেকৃবির ‘২০২২’
আলোচনায় শেকৃবির ২০২২। ছবি: ডেইলি বাংলাদেশ

প্রতিষ্ঠার ২২তম বছরে দেশের কৃষি ও উচ্চতর কৃষি শিক্ষার বরাবরের মতোই অনস্বীকার্য অবদান রেখে চলেছে দেশের প্রাচীন কৃষি শিক্ষা প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। বছর জুড়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজন নিয়ে আজকের সালতামামি।
 
সেন্টমার্টিনে প্লাস্টিক বর্জ্য দিয়ে মাছের ম্যুরাল

সেন্টমার্টিন দ্বীপের সৈকতে পড়ে থাকা বিভিন্ন প্লাস্টিকের বর্জ্য দিয়ে কোরাল মাছ ও কচ্ছপের ম্যুরাল তৈরির উদ্যোগ নেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ, অ্যাকোয়াকালচার ও মেরিন সায়েন্স অনুষদ। এতে আর্থিক সহায়তা করে কৃষি গবেষণা ফাউন্ডেশনের (কেজিএফ)। সেন্টমার্টিন দ্বীপে পর্যটক, স্থানীয় জেলে ও বাসিন্দাদের যত্রতত্র ফেলা বিভিন্ন প্লাস্টিক বর্জ্যসমূহের মধ্যে প্রধানত নষ্ট জাল, প্লাস্টিক বোতল ও চিপস-বিস্কুটের প্যাকেট দিয়ে ম্যুরালটি তৈরি করা হয়েছে। ম্যুরালটি তৈরিতে সহযোগিতায় ছিল চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের কয়েক শিক্ষার্থী।

সেন্টমার্টিনে প্লাস্টিক বর্জ্য দিয়ে মাছের ম্যুরাল।

Advertisement

 
শেকৃবিতে সীমিত পরিসরে নববর্ষ উদযাপন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এসময় শেকৃবি উপাচার্য বলেন, ধর্ম যেন আমাদের সংস্কৃতিকে আটকে না ধরে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বাংলা নববর্ষ আমাদের আনন্দের বার্তা বয়ে আনুক।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন শেকৃবির দুই অধ্যাপক

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক এবং অধ্যাপক ড. আসাদুজ্জামান খান। ২০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

শেকৃবি প্রযুক্তি বইয়ের মোড়ক উন্মোচন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সব গবেষণা কিংবা উদ্ভাবনের তথ্য একত্রিত করে মুজিববর্ষের শেষ দিনে শেকৃবি প্রযুক্তি নামক এক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পূর্বের গবেষণায় অনুপ্রাণিত হয়ে নতুন নতুন গবেষণায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে শেকৃবির বহিরাঙ্গণ কার্যক্রম বিভাগ এ বই প্রকাশ করেছে। 

বইটির সম্পাদনকারী ড. শরমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, অনেকে অনেক গবেষণামূলক কাজ চালাই কিন্তু অনেকে তা জানে না। সব গবেষণামূলক কাজকে সমন্বিত করতে এই বইয়ের প্রকাশ। অনেকের অনেক গবেষণার রেকর্ড পাওয়া যায় না। এ বইয়ে এসব তথ্য পাওয়া যাবে।

শেকৃবি প্রযুক্তি বই।

মুজিববর্ষ অনুদান পেলেন শেকৃবি গবেষক ড. রাশেদুল

শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় 'Development Research on Mujib Centenary' ২০২১-২২ অর্থবছরে সারাদেশ থেকে মনোনীত আট গবেষকের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হন তরুণ গবেষক ড. মো. রাশেদুল ইসলাম। তিনি ‘দুগ্ধ খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে প্রাণিজ সম্পদে সরকারের স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য অর্জনে সহায়তাকরন’ গবেষণা প্রকল্পের আওতায় এ অনুদানের জন্য মনোনীত হয়েছেন। 

দেশের প্রথম মৎস্য হাসপাতাল

মাছের সঠিক উৎপাদন এবং মাছচাষীদের অর্থনৈতিক ক্ষতি কমানোর উদ্দেশ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো মাসুদ রানা প্রতিষ্ঠা করেন বাংলাদেশ মৎস্য হাসপাতাল। বাংলাদেশ মৎস্য হাসপাতাল একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দেশের পাঁচটি বিভাগে চলমান রয়েছে এর কার্যক্রম।

দেশের প্রথম মৎস্য হাসপাতাল।

শেকৃবির ২২ বছরে পদার্পণ

১৯৩৮ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠিত দি বেঙ্গল কৃষি ইন্সটিটিউট পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয় ২০০১ সালের ১৫ জুলাই। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লগ্ন থেকে দেশে কৃষিতে অনবদ্য অবদান ও কৃষিভিত্তিক উচ্চতর শিক্ষার মাধ্যমে কৃষিকে আধুনিক করতে থাকা বিশ্ববিদ্যালয়টি ২২তম বছরে পদার্পণ করে। সকালে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীরা।

কমখরচে মাছের খাবার উৎপাদন যন্ত্র সাউ ফিড মিল-১

প্রচলিত বাজারদরের চেয়ে ৩০ শতাংশ কম খরচে মাছের ভাসমান খাদ্য উৎপাদনের যন্ত্র তৈরি করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা। মাছ চাষে খাবারে খরচ কমানো এবং চাষি নিজেই যেন প্রয়োজনীয় খাবার উৎপাদন করতে পারেন সে লক্ষ্যে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয় যন্ত্রটি। মেশিনটিতে ০.৫ মিলি থেকে ৫ মিলি আকারের সব প্রজাতির মাছের খাবার তৈরি সম্ভব।

মাছের খাবার উৎপাদন যন্ত্র সাউ ফিড মিল-১। ছবি: ডেইলি বাংলাদেশ

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা, সার্বিক নিয়ন্ত্রণে শেকৃবি

দেশের কৃষি বিজ্ঞানে ডিগ্রি প্রদানকারী ৮ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ সেপ্টেম্বর। তৃতীয়বারের মত অনুষ্ঠিত সমন্বিত এই ভর্তি পরীক্ষায় নেতৃত্ব দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। 

শেকৃবিতে মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন

১৭ সেপ্টেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় মৎস্য সপ্তাহ ২০২২। এসময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা পুকুরে ১১০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, এখন আমাদের রফতানির লক্ষ্যে মাছ উৎপাদনে সতর্ক হতে হবে। একইভাবে দেশের মানুষের জন্যও মাছ সরবরাহ নিশ্চিত করতে হবে।

দেশেই ভ্যানিলা চাষের প্রযুক্তি উদ্ভাবন

দেশের মাটিতেই ভ্যানিলা বা ব্ল্যাক গোল্ড চাষের উপযোগী প্রযুক্তি উদ্ভাবন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড এ এফ এম জামাল উদ্দিন। পরাগায়ন জটিলতার কারণ বাধাপ্রাপ্ত ফলনকে সহজতর করে তা বাণিজ্যিকভাবে চাষের সম্ভাবনা তৈরি করেন এই গবেষক। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় উদ্যানতত্ত্ব গবেষণা মাঠে চাষও শুরু করেছেন ড. জামাল। ভ্যানিলা চাষে সবাইকে আগ্রহী করে তুলতে কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সবার এগিয়ে আসার আহ্বান জানিয়েনে এই গবেষক।

দেশের মাটিতেই ভ্যানিলা বা ব্ল্যাক গোল্ড চাষের উপযোগী প্রযুক্তি উদ্ভাবন।

হেটে ১৫০ কিমি পথ অতিক্রম শেকৃবি রোভারের

পায়ে হেটে ঢাকা থেকে মধুপুর পর্যন্ত ১৫০ কিমি পথ পরিভ্রমণ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯ রোভার। এ সময় সচেতনতা মূলক ৯টি স্লোগান বহন করেন তারা। যাত্রাপথে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন তারা। রোভারিং এর সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্ট রোভার স্কাউট এওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে এ পরিভ্রমণ সম্পন্ন করেন তারা।

আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় মুখরিত ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা ৩২ দল নিয়ে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রানার্স আপ হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি। দুই দিনব্যাপী আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তচিন্তার বিকাশে মুখরিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

দেশের একমাত্র হাইলি সাইটেড গবেষক মীর্জা হাছানুজ্জামান

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ক্ল্যারিভেট এনালাইক্টিক্স কর্তৃক প্রকাশিত বিশ্বের হাইলি সাইটেড রিসার্চারসদের তালিকায় একমাত্র বাংলাদেশি গবেষক হিসেবে জায়গা করে নিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়রে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান। তিনি প্ল্যান্ট অ্যান্ড এনিম্যাল সায়েন্স ক্যাটাগরিতে ১৮৫ জন গবেষকের মধ্যে স্থান করে নিয়েছেন। ওয়েব অফ সায়েন্স ডাটাবেজ অনুসারে ড. মীর্জার সাইটেহসন সংখ্যা ১০ হাজারেরও অধিক।

মীর্জা হাছানুজ্জামান। ছবি: সংগৃহীত

দেশের প্রথম নগর কৃষি মেলা

‘নিরাপদ খাদ্য নগরীর পরিবেশ, সবাই মিলে আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৭ ডিসেম্বর দিনব্যাপী দেশের প্রথম নগর কৃষি মেলা আয়োজন করা হয়। শহরের বৃক্ষপ্রেমী ও ছাদবাগানীদের আগমনে মুখর হয় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম। মেলায় অংশ নেয় নার্সারি, উদ্যোক্তা, কৃষি ক্লাবসহ প্রায় ৪০টি স্টল। আগত দর্শনার্থীরাও ঘুরে ঘুরে দেখেন ও কেনেন প্রয়োজনীয় সামগ্রী। মেলায় সবারই মনোযোগ কেড়েছিল বাংলাদেশ বনসাই সোসাইটির তিন লাখ টাকা দামের বনসাই গাছ। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!