পোল্ট্রি প্রোফেশনালস বাংলাদেশের উদ্যোগে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে পোল্ট্রি কনভেনশন-২০২৩। আগামী ২৮-২৯ জানুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলের পোল্ট্রি খামারি, পোল্ট্রি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় এক হাজার ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
কনভেনশন উপলক্ষে সদ্য কৃষিবিদ ইনিস্টিউট বাংলাদেশে পিপিবির উদ্যোগে এক সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হয়।
.png)
এ সময় উপস্থিত ছিলেন পোল্ট্রি প্রফেশনালস বাংলাদেশের (পিপিবি) সমন্বয়ক এবং পোল্ট্রি কনভেনশন ২০২৩ এর সম্পাদক কৃষিবিদ অঞ্জন মজুমদার, আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, সেমিনার কমিটির সম্পাদক ডা. তাপস কুমার ঘোষ, পিপিবির কোর টিম সদস্য ডা. নন্দ দুলাল টীকাদার, কৃষিবিদ জ্যোতি বিকাশ, আমজাদ হোসেন বকুল, কৃষিবিদ জাকারিয়া ইসলাম, ডা. আবদুর রহমান (রাফি), পিপিবির কনভেনশন কমিটির সদস্যবৃন্দ, পিপিবির স্টুডেন্ট ভলান্টিয়ার টিমের নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কৃষিবিদ অঞ্জন মজুমদার বলেন, ‘উন্নত প্রোটিন স্বাস্থ্যের সোপান’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে পোল্ট্রি কনভেনশন। ক্ষুদ্রভাবে এগিয়ে চলা পোল্ট্রি খামার এখন আমাদের দেশে পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে রূপলাভ করেছে। আমাদের প্রোটিন চাহিদা মেটানোর এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত পোল্ট্রি ইন্ডাস্ট্রি। তবে পোল্ট্রিখাতে রয়েছে অনেক অসামঞ্জস্যতা, প্রতিকূলতা এবং সঠিক নির্দেশনার অভাব। সব অসামঞ্জস্যতা দূর করে পোল্ট্রি ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে অনুষ্ঠিত হবে পোল্ট্রি কনভেনশন-২০২৩।’