ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবি শিক্ষার্থী অপহরণের অভিযোগে গ্রেফতার ৫

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ৮ জানুয়ারি ২০২৩
রাবি শিক্ষার্থী অপহরণের অভিযোগে গ্রেফতার ৫
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে অপহরণ করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টায় হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ের জামিল চত্ত্বর এলাকার একটি বাসা থেকে শিক্ষার্থীকে উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

উদ্ধার রাবি শিক্ষার্থী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চান্দলাই গ্রামের মৃত অসীম কুমার বর্মনের ছেলে রাতুল কুমার বর্মন। তিনি রাবির চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। 

Advertisement

গ্রেপ্তারকৃতরা হলেন, সরকার উদয় (১৯), মো. দাউদ ইব্রাহিম সাফি (২২), মো. পলাশ কবির (২৬), প্রবীন পাল রুদ্র (২০) এবং ওয়াহিদুর রহমান নুর (২০)।

জানা যায়, রাবি শিক্ষার্থী রাতুলের সঙ্গে আসামি পবন সরকারের মোবাইল ফোনে পরিচয় হয়। গত ৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭ টায় পবন সরকার মোবাইল ফোনে রাতুলকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট স্টেশন মোড়ের জামিল চত্ত্বরে আসতে বলেন। রাতুল সেখানে গিয়ে তার ছোট ভাই দিবাকর বর্মনের মেসে থাকা নিয়ে পবনের সঙ্গে আলোচনা করেন। পরে রাতুল সেখান থেকে চলে যেতে চাইলে পবনের অপর সহযোগী দাউদ ইব্রাহিম ও পলাশ তাকে অপহরণ করেন। অপহরণের পর তাকে হড়গ্রাম বাজারের দাউদ ইব্রাহিমের একতলা ভবনের নিচতলার একটি কক্ষে আটকে রাখা হয়। পরবর্তীতে সেখানে তাকে মুক্তিপণের দাবিতে শারিরীকভাবে নির্যাতন করেন অপহরণকারীরা। 

ঘটনার দিন রাত ৯টায় রাতুলের মোবাইল ফোন হতে তার মায়ের ফোনে কল করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন তারা। এসময় রাতুলের মা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। কিন্তু মুক্তিপণের বাকি টাকার জন্য রাতুলকে তারা শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন। 

একপর্যায়ে রাতুল অপহরণকারীদের সঙ্গে ধ্বস্তাধস্তি করে কক্ষের বাইরে এসে চিৎকার শুরু করেন। কিন্তু অপহরণকারীরা রাতুলকে আবার ধরে ফেলে এবং ঘরে নিয়ে আটকে রেখে মারধর করতে থাকেন। পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে ৫ অপহরণকারীকে গ্রেপ্তার করে এবং রাতুলকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, জড়িত ৫ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। রাতুলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর জেল হাজতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!