ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ক্যাম্পাসের সবচেয়ে সুসংগঠিত সংগঠন সাংবাদিক সমিতি: বাকৃবি উপাচার্য

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২, ১৭ জানুয়ারি ২০২৩
ক্যাম্পাসের সবচেয়ে সুসংগঠিত সংগঠন সাংবাদিক সমিতি: বাকৃবি উপাচার্য
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেছেন, ‘ক্যাম্পাসের সবচেয়ে সুসংগঠিত সংগঠন হচ্ছে বাকৃবি সাংবাদিক সমিতি। বাকৃবিতে কর্মরত সাংবাদিকরা বস্তুনিষ্ঠতা ও আন্তরিকতার সঙ্গে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের সব অর্জন জাতির সামনে উঠে আসছে। সাংবাদিকদের লেখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা দিন দিন আরো উপরে উঠছে। ক্যাম্পাস সাংবাদিকরাই পারে একটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে সম্মানের সহিত তুলে ধরতে।’ 

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য আট দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ঐ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।

এ সময় উপাচার্য আরো বলেন, ‘আট দিনব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকেরা জ্ঞান ও কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আরো বেশি সুদক্ষ হয়ে উঠবে। এছাড়াও পরিবর্তনশীল পৃথিবীর ভবিষ্যৎ কৃষির মানোন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’

Advertisement

জানা গেছে, বিশ্বব্যাপী আর্থিক সংকট এবং পরিবেশ বিষয়ক সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় বাকৃবিতে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের ১৭ সাংবাদিক এবং দুইজন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালাটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)। 

সমাপনী অনুষ্ঠানে বাকৃবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে ‘অনুরণন’ নামক একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন বাকৃবি উপাচার্য।

এতে আইআইএফএসের পরিচালক অধ্যাপক ড. মো. এনামুল হকের সভাপতিত্বে ও কোর্স কো-অর্ডিনেটর ও আইআইএফএসের সহযোগী পরিচালক ড. রাখী চক্রবর্তীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আসলাম আলী।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!