বৃত্তি পেলেন রুয়েটের অসচ্ছল-মেধাবীরা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বিভিন্ন বিভাগের ছয় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত রাজ-৭৫ নামক একটি সংগঠন এই বৃত্তি প্রদান করে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তির টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভিসি (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। সভাপতিত্ব করেন রাজ-৭৫ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুর রহমান।
.png)
অনুষ্ঠানে বিশেষ অতিথি যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, রেজিষ্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ, ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম ফিরোজ, প্রকৌশলী ওয়াহিদ আজহার দুখু, প্রকৌশলী সাব্বির সুলতানসহ বিভিন্ন দফতরের প্রধান, বিভাগ প্রধান, শাখা প্রধানবৃন্দ, বিভিন্ন সিরিজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
প্রসঙ্গত, রাজ-৭৫ নামক সংগঠনটি রুয়েটের (তৎকালীন রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়) ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত। এই সংগঠনটি রুয়েটের অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর ২ লাখ ১৬ হাজার টাকার মেধা বৃত্তি প্রদান করবে। ভবিষ্যতে এই বৃত্তির অর্থের পরিমাণ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি করবে।