ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কুবিতে অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবে বিজয়ী যারা

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
কুবিতে অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসবে বিজয়ী যারা
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থিয়েটারের ও সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) যৌথ আয়োজনে ‘অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ উৎসবের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উৎসবে গান, নাচ, অভিনয়, আবৃত্তিসহ মোট পাঁচটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে আধুনিক গানে প্রথম হয়েছেন কে এম ইশতিয়াক রহমান, দ্বিতীয় হয়েছেন ঐশী ভৌমিক, যৌথভাবে তৃতীয় হয়েছেন আল আরাফাত আল-আমিন রাফি ও আসিফুল হাসান। লোকগীতি বিভাগে প্রথম হয়েছেন ঐশী ভৌমিক, দ্বিতীয় হয়েছেন সানুউ মারমা এবং তৃতীয় হয়েছেন কে এম ইশতিয়াক রহমান। নাচে প্রথম হয়েছেন রুমা রানি দেব, দ্বিতীয় সুবর্ণা মোস্তফা এবং তৃতীয় হয়েছেন সাদিয়া সুলতানা। আবৃত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রুবাইয়াত তাজবীন, বিল্লাল হোসেন স্বাধীন ও অন্তা চাকমা। অভিনয় ক্যাটাগরিতে গুজব ও চিত্রাঙ্গদা এই দুটি দল অংশ নেয়। এতে চিত্রাঙ্গদা প্রথম এবং গুজব দ্বিতীয় স্থান অর্জন করে। 

Advertisement

প্রতিযোগিতা শেষে রাত সাড়ে ৮টায় পুরষ্কার বিতরণী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে থিয়েটারের সভাপতি ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, থিয়েটারের উপদেষ্টা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, সিসিডিএর ডেপুটি নির্বাহী পরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি গর্বের জায়গা হচ্ছে এখানকার সাংস্কৃতিক কর্মকাণ্ড। আমি সব জায়গাতেই এটা নিয়ে গর্ব করি। যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত তাদের প্রতি আমার সব সময়ই আলাদা একটা সমর্থন থাকে। যদি এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হয় তাহলে শিক্ষকদের যোগ্যতা বাড়াতে হবে। আমি এমন গবেষণা চাই যে গবেষণা হবে ইম্প্যাক্টলি ইতিবাচক। আর যেসব গবেষকরা এটা করতে পেরেছে আমরা তাদেরকে পুরস্কৃত করেছি এবং এটি সামনেও চলতে থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী, থিয়েটারের উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের সভাপতি আইনুল হক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও থিয়েটারের সাবেক-বর্তমান সদস্যবৃন্দ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!