ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাড়ে তিন লাখ ছাড়াল রাবিতে ভর্তি আবেদন, শেষ আজ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ২৭ মার্চ ২০২৩
সাড়ে তিন লাখ ছাড়াল রাবিতে ভর্তি আবেদন, শেষ আজ
প্রতীকী ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে সোমবার (২৭ মার্চ) রাত ১২টায়। গত ১৫ মার্চ দুপুর ১২টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। প্রাথমিক আবেদন শেষে উচ্চ মাধ্যমিক ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত আবেদনের জন্য উত্তীর্ণ প্রার্থীদের মনোনিত করা হবে।

এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে ৩ লাখ ৭১ হাজার ২০১টি। এর মধ্যে স্বতন্ত্র আবেদনকারীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০ জন।

সোমবার (২ মার্চ) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, তিনটি ইউনিট মিলে এখন পর্যন্ত ৩ লাখ ৭১ হাজার ২০১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে মানবিক বিভাগভুক্ত ‘এ’ ইউনিটে ১ লাখ ৩৭ হাজার ৩৭৮টি, বাণিজ্য বিভাগভুক্ত ‘বি’ ইউনিটে ৯০ হাজার ৯৮৮টি এবং বিজ্ঞান বিভাগভুক্ত ‘সি’ ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৮৩৫টি আবেদন জমা হয়েছে। একজন শিক্ষার্থী যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটে আবেদন করতে পারছে। সে হিসেবে স্বতন্ত্র আবেদনকারীর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৪০ জন।

প্রাথমিক আবেদন শেষে উচ্চ মাধ্যমিক ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ ভর্তিচ্ছুরা চূড়ান্ত আবেদন করতে পারবে। আগামী ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে শুরু হবে চূড়ান্ত পর্যায়ের আবেদন। চলবে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। চারটি ধাপে চূড়ান্ত আবেদন সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, রাবির ভর্তি পরীক্ষা তিনটি (এ, বি, সি) ইউনিটে অনুষ্ঠিত হবে। আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট এবং ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

 

বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় ১ ঘণ্টা। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!